বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্ব

বাণিজ্যিক ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর জোর দিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
টুইট প্রতিবেদক: বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; বরং পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও অর্থবহ ও গতিশীল করতে গণমাধ্যম ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, এ ধরনের পুরস্কার আয়োজন দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।
সাংবাদিকতার গুণগত মান ও পেশাগত উৎকর্ষ বিকাশে এ ধরনের স্বীকৃতির গুরুত্ব তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অর্জন অন্য গণমাধ্যমকর্মীদেরও মানসম্মত ও সৃজনশীল সাংবাদিকতায় উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও বহুমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতাদের চারটি বিভাগে মোট ২৬ জনকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের হাতে অর্থমূল্যের চেক, স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
এ ছাড়া চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী, সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের আয়োজনে এবং বাংলাদেশে চীনা দূতাবাসের সার্বিক সহযোগিতায় দ্বিতীয়বারের মতো এ পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।






