রাজশাহী মেডিকেলের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

নির্মাণাধীন ভবনের ১১ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনা, মর্গে রাখা হয়েছে শিশুর মরদেহ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হুরাইয়া কুষ্টিয়া জেলার ইবি থানার কুশলিবাসা গ্রামের মো. হৃদয় ও মোসা. শিরিনার ছোট সন্তান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিরিনার প্রথম সন্তান ছয় বছর বয়সী খাদিজা কিডনিজনিত সমস্যায় আক্রান্ত। গত ৪ নভেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অন্যদিকে, শিশুটির বাবা মো. হৃদয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন।
এ অবস্থায় পরিবারের ছোট সন্তান আবু হুরাইয়া হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় ছিল। সেখানে নির্মাণকাজ চলার মধ্যে কোনো এক সময় শিশুটি বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র শামীম আহমেদ জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাসপাতালের নির্মাণাধীন ভবনে কীভাবে এ দুর্ঘটনা ঘটল এবং সেখানে শিশু ও রোগীদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






