দায়িত্ব নেওয়ার ৫২ দিনের মাথায় বদলি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি

কক্সবাজার জেলা পুলিশে পাঠানো হলো খাইরুল আলমকে, নতুন ওসির নাম এখনো ঘোষণা হয়নি।
টুইট প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলমকে কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়েছে। দায়িত্ব গ্রহণের মাত্র ১ মাস ২১ দিনের মাথায় তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত আদেশে জনস্বার্থে তাকে বদলি করা হয়।
এর আগে গত ২১ সেপ্টেম্বর সদর মডেল থানার তৎকালীন ওসি মো. শহিদুল ইসলামকে বদলি করে তার স্থলে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন।
সদর থানায় দায়িত্ব পালনকালে মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি অভিযান পরিচালিত হয়। তবে তার দায়িত্ব পালন নিয়ে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে অসন্তোষের অভিযোগও ওঠে।
তাদের অভিযোগ, বিভিন্ন প্রয়োজনে একাধিকবার ফোন করেও অনেক সময় ওসির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতো না।
এ ছাড়া তার দায়িত্ব পালনকালে ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল এবং বিভিন্ন কর্মসূচি পালনের ঘটনাও আলোচনায় আসে। এসব কর্মসূচি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
এদিকে খাইরুল আলমের বদলির আদেশ জারির পর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।






