মিয়ানমার সফরের অনুমতি পাননি জাতিসংঘের বিশেষ প্রতিবেদক

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রত্যাবাসনের ওপর জোর বাংলাদেশের।
টুইট প্রতিবেদক: মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় দেশটিতে সফরের অনুমতি পাননি জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই কারি। আনুষ্ঠানিকভাবে সফরের আবেদন জানালেও মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনো এ ধরনের সফরের জন্য প্রস্তুত নয়। এরই মধ্যে বাংলাদেশ সফরে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মো. নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করেন কেলি ই কারি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সচিব নজরুল ইসলাম। তিনি রাখাইন রাজ্যে চলমান সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং সেখানকার ভয়াবহ পরিস্থিতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।
সচিব জানান, বাংলাদেশ বর্তমানে ১২ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। তবে এই সংকটের স্থায়ী সমাধান হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেওয়া।
তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
অন্যদিকে, বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান কেলি ই কারি। বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া এবং সীমিত সম্পদ নিয়েও মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর জানিয়েছে, ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন কেলি। এ সময় মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির বাংলাদেশে প্রভাব, রাখাইন রাজ্যের সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক অবস্থা পর্যালোচনা করবেন তিনি।
সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদক। এ ছাড়া ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।
আগামী ১৮ নভেম্বর ঢাকায় জাতিসংঘ ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সফরের পর্যবেক্ষণ তুলে ধরবেন কেলি ই কারি। ২০২৭ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে।
উল্লেখ্য, গত মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদ কেলি ই কারিকে মিয়ানমারবিষয়ক বিশেষ প্রতিবেদক হিসেবে নিয়োগ দেয়। তিনি ১ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন থমাস এইচ অ্যান্ড্রুস।






