গ্রাম পুলিশ সদস্যরা ৩ বছর পরপর পাবেন বাইসাইকেল

গ্রাম পুলিশ সদস্যরা ৩ বছর পরপর পাবেন বাইসাইকেল
পাঁচ বছরের পরিবর্তে নতুন নিয়ম কার্যকর, প্রধানমন্ত্রীর ঘোষণার পর পরিপত্র জারি

টুইট প্রতিবেদক: গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) সদস্যদের জন্য বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমিয়েছে সরকার। এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশের প্রধান ও সদস্যরা।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, গ্রামীণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রাম পুলিশ

মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর ওই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা আগের পরিপত্রের সংশ্লিষ্ট অংশ সংশোধন করেছে।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে গ্রাম পুলিশের দফাদার ও মহল্লাদাররা প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন। আগে এ সুবিধা পাওয়ার জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হতো।

তবে নতুন সিদ্ধান্তে আগের পরিপত্রে উল্লেখ করা অন্যান্য শর্তাবলি ও সরঞ্জামাদি পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।

সরকারের এ সিদ্ধান্তের ফলে গ্রামীণ পর্যায়ে দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত ও দায়িত্ব পালনে সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।