চাকরি রাজস্ব খাতে নেওয়াসহ সাত কলেজের কর্মচারীদের ৪ দফা দাবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় অন্তর্ভুক্তি, জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন ও ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন।
টুইট প্রতিবেদক: রাজধানীর সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তি এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কর্মচারীরা। একই সঙ্গে জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা প্রদান ও কর্মরত কর্মচারীদের ছাঁটাই বন্ধসহ চার দফা দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে কর্মচারী নেতারা বলেন, সরকারি কলেজে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও তাঁরা নানা বৈষম্য ও চাকরির অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কলেজের দৈনন্দিন কার্যক্রম সচল রাখা, শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং পরীক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্ব পালনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ চাকরির নিরাপত্তা ও আর্থিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে তাঁরা বঞ্চিত।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলনের আহ্বায়ক মো. দুলাল সর্দার বলেন, সরকারি কলেজে কর্মরত হয়েও তাঁদের বেসরকারি কর্মচারী হিসেবে কাজ করতে হচ্ছে। কলেজের সুনাম ও ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের পাশাপাশি তাঁদেরও অবদান রয়েছে।
তিনি জানান, বর্তমানে একজন বেসরকারি কর্মচারী মাসে মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য অর্থ দিয়ে পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। তাঁদের সেবার মাধ্যমে অনেক চিকিৎসক, প্রকৌশলী, মন্ত্রী ও সচিব তৈরি হলেও কর্মচারীদের পরিবারের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে দুলাল সর্দার বলেন, সাত কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। তা সম্ভব না হলে ঘোষিত জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করতে হবে। অন্যথায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে তাঁদের অন্তর্ভুক্ত করে চাকরির নিরাপত্তা দিতে হবে।
চার দফা দাবি
মানববন্ধন থেকে কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:
১. সরকারি সাত কলেজের সব কর্মরত বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
২. তাঁদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত করতে হবে।
৩. রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় বেতন কাঠামো ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে হবে।
৪. সাত কলেজে কর্মরত সব কর্মচারীর ছাঁটাই বন্ধ করতে হবে।
কর্মচারী নেতারা দাবি বাস্তবায়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের মতে, দীর্ঘদিনের আর্থিক বৈষম্য দূর করে চাকরির নিশ্চয়তা দেওয়া না হলে সাত কলেজের বেসরকারি কর্মচারীদের মানবিক জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে।






