ব্র্যাডম্যানকে ছাড়িয়ে ৭ হাজারি ক্লাবে মুশফিক

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ, পেছনে ফেললেন কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে।
টুইট প্রতিবেদক: বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের কিংবদন্তি অস্ট্রেলীয় ব্যাটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে গেছেন তিনি।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে এই কীর্তি গড়েন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জোমেল ওয়ারিকানের বল মিড অনে ঠেলে দিয়ে এক রান নেওয়ার মধ্য দিয়ে সাত হাজার রানের ঘরে পৌঁছান তিনি।
২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। অভিষেক ম্যাচের দুই ইনিংসে ১৯ ও ৩ রান করেছিলেন তিনি। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার পৌঁছালেন অনন্য উচ্চতায়।
সাত হাজার রান পূর্ণ করতে সিলেট টেস্টে নামার আগে মুশফিকের প্রয়োজন ছিল ৪৩ রান। প্রথম ইনিংসে ৩৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় আরও ৯ রান তুলে নেন তিনি। ১০৭টি টেস্টের ১৯৭তম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের এই তারকা।
মুশফিকের টেস্ট ক্যারিয়ারে রয়েছে ১৪টি শতক ও ৩০টি অর্ধশতক। ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ২১৯ রান। এ ছাড়া তিনটি দ্বিশতক হাঁকানোর কৃতিত্বও রয়েছে তাঁর।
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তাঁর সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান।
অন্যদিকে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করা ৫৯তম ব্যাটার মুশফিক। এই কীর্তির পথে তিনি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে। ব্র্যাডম্যানের টেস্ট রান ৬ হাজার ৯৯৬। মুশফিকের সামনে এখন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, যাঁর সংগ্রহ ৭ হাজার ৩৭ রান।
একই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের রেকর্ড হারানোর পরও নতুন ইতিহাস গড়ে আলোচনায় থাকলেন মুশফিক। দেশের ক্রিকেটে তাঁর এই অর্জন নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।






