পতেঙ্গায় শ্রমিকবাহী বাসের ধাক্কা, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে বাসের আঘাত, আহত ১৮; চালক আটক, গাড়ি জব্দ।

টুইট ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গায় পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিয়েছে। এতে মো. আলমগীর নামে বাসের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গার সমুদ্রসৈকত এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা সবাই কেইপিজেড এলাকার বেনকট নামের একটি পোশাক কারখানার শ্রমিক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর (২৩) ও হিনজুর (২২)। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

নিহত আলমগীরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।