মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতে ফেরাতে চায় সরকার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রত্যর্পণ চুক্তিতে ফেরাতে চায় সরকার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানালেন শেখ হাসিনা।
বিশেষ প্রতিবেদক: ভারতে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রত্যর্পণ চুক্তিতে ফেরাতে চায় সরকার।
সোমবার (৯ নভেম্বর) এ আবেদনসংক্রান্ত একটি চিঠি নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে পাঠিয়েছেন তাঁর আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালের আগস্টে দেশত্যাগের পর বাংলাদেশী কর্তৃপক্ষের কাছে এটিই তাঁর পক্ষ থেকে এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন;
“শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী। তিনি কি শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসবেন যে তাঁকে পাসপোর্ট দিতে হবে? সন্ত্রাসী ও অপরাধীকে ধরতে পাসপোর্ট লাগে না, এটা হস্তান্তরের বিষয়। আমরা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হস্তান্তর চাই।”
রয়টার্সের হাতে আসা চিঠি অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।
চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশী নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিলের আওতায় বাংলাদেশের দায়িত্বের কথা তুলে ধরে আবেদনটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান বলে তিনি রয়টার্সকে জানিয়েছেন। তাঁর সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
অন্তর্বর্তী সরকারের সময়ে পাসপোর্ট বাতিল, এনআইডি স্থগিত
২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালানোর পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাঁর পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৫ সালের ৮ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।
এর মধ্যে গুম ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২ জনের এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ আরও ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন তৎকালীন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব।
এ ছাড়া ২০২৫ সালের এপ্রিলে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ শেখ হাসিনা ও তাঁর পরিবারের আরও নয় সদস্যের এনআইডি স্থগিত করে। ফলে তাঁদের পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন সেবা গ্রহণ, তথ্য যাচাই বা সংশোধনের সুযোগ বন্ধ হয়ে যায়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রত্যর্পণ চুক্তিতে ফেরাতে চায় সরকার
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে ৯ নভেম্বর পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রয়টার্সের প্রশ্নের জবাব দেননি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ও প্রধানমন্ত্রীর মুখপাত্র। পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ওই দিনের সংবাদ সম্মেলন মূলত কপ-৩১ নিয়ে।
তবে ভারতে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান আগেই স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত ৫ নভেম্বর তিনি বলেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হস্তান্তর করতে হবে।
এ সময় তিনি বলেন, “সন্ত্রাসী ও অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন হয় না; তাঁদের হস্তান্তর করা হয়। আমাদের ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি রয়েছে।” শেখ হাসিনাকে রংপুরে শ্বশুরবাড়ি বেড়াতে আসার সাধারণ যাত্রীর সঙ্গে তুলনা করে পাসপোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে পলাতক ও সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে বলেন, সরকার তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চায়।
এরপর গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শেখ হাসিনাকে ‘দোষী সাব্যস্ত অপরাধী’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “শেখ হাসিনা একজন দোষী সাব্যস্ত অপরাধী। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তির আওতায় অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে।”
আইনমন্ত্রী আরও জানান, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে সরকার আবেগের বশবর্তী হয়ে নয়, বরং আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পদক্ষেপ নেবে। ভারত তাঁকে হস্তান্তর করলে বাংলাদেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের এ অবস্থান অনুযায়ী, শেখ হাসিনার পক্ষ থেকে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করা হলেও তাঁকে নতুন ভ্রমণ নথি দিয়ে দেশে ফেরানোর কোনো পরিকল্পনা নেই। বরং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁর বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া সামনে রেখে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত আনার দাবি জানাচ্ছে ঢাকা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তাঁর শাসনামলে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান ও ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে।
এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পান।
শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ট্রাইব্যুনালের রায়ে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে থাকা আইনি প্রক্রিয়া এবং দেশে ফেরানোর উদ্যোগকে কেন্দ্র করেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে দেশ ছেড়ে অবস্থান করছেন।
প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন প্রশ্ন
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার তথ্য প্রকাশের পর তাঁর প্রত্যাবর্তন ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একদিকে তাঁর আইনজীবীরা নতুন ভ্রমণ নথি চেয়ে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছেন, অন্যদিকে বাংলাদেশ সরকার তাঁকে পাসপোর্ট না দিয়ে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আনার অবস্থানে রয়েছে।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ এর আগে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। তবে এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়নি। ফলে বিষয়টি এখন শুধু পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদনে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়, প্রত্যর্পণ চুক্তি এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালের ২৮ জানুয়ারি স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি ২৩ অক্টোবর একই বছর কার্যকর হয় এবং ২০১৬ সালে সংশোধনের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করা হয়।
চুক্তির অনুচ্ছেদ ১ অনুযায়ী, কোনো ব্যক্তি অভিযুক্ত, বিচারাধীন, দোষী সাব্যস্ত কিংবা সাজা কার্যকরের জন্য চাওয়া হলে তাঁকে প্রত্যর্পণের বিধান রয়েছে। অনুচ্ছেদ ২ অনুযায়ী, উভয় দেশের আইনেই অন্তত এক বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ প্রত্যর্পণযোগ্য; অন্যদিকে অনুচ্ছেদ ৬-এ রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ থাকলেও হত্যা, অপহরণ, সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধের মতো বিষয়কে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অনুচ্ছেদ ৮ অনুযায়ী, অভিযোগ সৎ বিশ্বাসে করা হয়নি বা প্রত্যর্পণ অন্যায্য ও নিপীড়নমূলক হবে—এমন যুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। চুক্তিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে কমপক্ষে চার মাসের কারাদণ্ড, নির্দিষ্ট অপরাধের বাইরে বিচার না করার নীতি এবং জরুরি পরিস্থিতিতে সাময়িক গ্রেপ্তারের বিধানও রয়েছে। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই চুক্তির আওতায় প্রত্যর্পণের দাবি জানাচ্ছে; তবে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম এবং ন্যায়বিচারসংক্রান্ত শর্তের ব্যাখ্যা নিয়ে ভারতের আপত্তির সুযোগ থাকায় বিষয়টি আইনি প্রক্রিয়ার পাশাপাশি কূটনৈতিক আলোচনারও অংশ হয়ে উঠেছে।
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানালেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারত কীভাবে এবং কোন আইনি প্রক্রিয়ায় বাংলাদেশের কাছে হস্তান্তর করবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সংবাদ সূত্র: রয়টার্স, Al Jazeera English, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি (২০১৩ ও ২০১৬ সালের সংশোধনী), ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, দ্য ডেইলি স্টার ও ঢাকা ট্রিবিউন, আমারদেশ।






