ছেলের আগুনে পুড়ল বাবার ১৫ লাখ টাকার পাট

ব্যবসার হিসাব নিয়ে বিরোধের জেরে অগ্নিসংযোগের অভিযোগ; গুদাম পুড়েছে পুরোপুরি, নষ্ট পাটের ৮০ শতাংশ।

টুইট ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ব্যবসার টাকার হিসাব নিয়ে বিরোধের জেরে বাবার পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে রাসেল মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় গুদামঘরসহ সেখানে সংরক্ষিত প্রায় ৩২০ মণ পাটের ৮০ শতাংশ পুড়ে গেছে। গুদাম মালিকের দাবি, এতে তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামশা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত রাসেল মোল্লা ওই এলাকার সামেজুদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার আগে রাসেলকে গুদামের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে উত্তেজিত অবস্থায় তিনি গুদামের টিন ও দরজা ভাঙচুর করেন। পরে গুদামে আগুন দিয়ে চলে যান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
গুদাম মালিক সামেজুদ্দিন মোল্লা বলেন, ব্যবসার টাকার সঠিক হিসাব নিয়ে ছেলের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছিল। এর জেরে উত্তেজিত হয়ে ছেলে গুদামে আগুন লাগিয়ে দেয়। গুদামে প্রায় ৩২০ মণ পাট ছিল, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

সিংগাইর ফায়ার সার্ভিসের দলনেতা মাহবুবুর রহমান জানান, আগুনে গুদামঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি গুদামে থাকা পাটের প্রায় ৮০ শতাংশ আগুনে নষ্ট হয়েছে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।