বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ।
বাগমারা প্রতিনিধি: ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাউসার আলী, তথ্য আপা আঁখি খাতুনসহ স্থানীয় সমবায়ীরা।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।







