রাজশাহীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ

মাদক, সন্ত্রাস, গুজব ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ অটোরিকশা ও ফুটপাতের স্থাপনা উচ্ছেদে গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাজশাহী মহানগরীতে যানজট নিরসনে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।
সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় মব কালচার, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম, মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, সাইবার অপরাধ, গুজব এবং অনলাইন অপপ্রচার প্রতিরোধের বিষয়গুলো। এসব অপরাধ দমনে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জ্বালানি সংকট মোকাবিলায় নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ফ্যামিলি ও কৃষক কার্ডের তালিকা প্রণয়ন ও বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। আরও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সীমা খানম, ডিজিএফআই রাজশাহী শাখার উপপরিচালক শরিফুল্লাহ আল মাহমুদ, এনএসআই রাজশাহী মহানগরের যুগ্ম পরিচালক শাহিন আহমেদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অলিউল হক রানা এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এ ছাড়া জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।







