একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি একই সুরে: ভূমি প্রতিমন্ত্রী

জনগণের ভোটে ক্ষমতায় আসতে না পেরে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মীর হেলাল।
টুইট প্রতিবেদক: চট্টগ্রাম, ৭ নভেম্বর ২০২৬: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তি একই সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর হেলাল বলেন, জনগণের ভোটে কখনো ক্ষমতায় আসতে পারবে না বুঝতে পেরে একটি পক্ষ বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো যথেষ্ট সক্ষম।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জনগণের সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন, সেখানেই মানুষের ঢল নামছে। খুলনার পর ঢাকায়ও তাঁর কর্মসূচিতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। এর পেছনে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
বহুদলীয় গণতন্ত্রের প্রসঙ্গ টেনে ভূমি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
সরকারের সমালোচনা প্রসঙ্গে মীর হেলাল বলেন, কেউ সরকারের কাজের সমালোচনা করলে তা স্বাগত জানানো হবে এবং তাঁদের বক্তব্য শোনা হবে। তবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, ১৭ বছর যারা রাজপথে আন্দোলন করেছেন, তাঁরা এখনো মাঠে রয়েছেন। রাজপথ থেকে সংসদে গেলেও প্রয়োজনে আবার রাজপথে ফিরতে সময় লাগবে না। রাজপথ ও জনগণই বিএনপির মূল শক্তি।
ক্ষমতা প্রদর্শনের জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক তৈরির সমালোচনা করে তিনি বলেন, যারা দেশবিরোধী শক্তির সঙ্গে আঁতাত করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে কোনো আপসও করা হবে না। তাঁর ভাষায়, ‘আমরা দিল্লিও চাই না, পিন্ডিও চাই না, সবার আগে বাংলাদেশ চাই।’
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন।






