প্রধানমন্ত্রীকে হাতে লেখা কোরআন উপহার দিল শিশু

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে অরিন সাফাত খান ও নায়লা তাসলিম জামানের সৃজনশীল উপহার গ্রহণ করেন তারেক রহমান।

টুইট প্রতিবেদক: নিজ হাতে লেখা পবিত্র কোরআন শরিফ এবং নিজের আঁকা ছবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে খুলনার দুই শিশু শিক্ষার্থী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এসব উপহার তুলে দেয় তারা।

অনুষ্ঠান চলাকালে শিশু শিক্ষার্থী অরিন সাফাত খান নিজের হাতে সম্পূর্ণ লেখা পবিত্র কোরআন শরিফটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়। প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহ ও আন্তরিকতার সঙ্গে উপহারটি গ্রহণ করেন এবং শিশুটিকে দোয়া ও আশীর্বাদ জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের হাতে লেখা কোরআন উপহার দিতে পেরে আনন্দ প্রকাশ করে অরিন। সে জানায়, প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন এবং কোরআনের লেখা পৃষ্ঠাগুলো দেখে প্রশংসা করেছেন। ভবিষ্যতে জাইমা রহমানের সঙ্গেও দেখা করার ইচ্ছা রয়েছে তার।

একই অনুষ্ঠানে আরেক শিক্ষার্থী নায়লা তাসলিম জামান নিজের আঁকা একটি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেয়। প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে পাওয়া উপহারগুলো আনন্দচিত্তে গ্রহণ করেন এবং তাদের পড়াশোনা ও সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত রাখার উৎসাহ দেন।

দুই শিশুর এমন ব্যতিক্রমী উপহার অনুষ্ঠানে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও আগ্রহের এই প্রকাশ অনুষ্ঠানে তৈরি করে এক আনন্দঘন মুহূর্ত।