রাজশাহীর দুর্গাপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ১০টি ইভেন্টে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করা হয়েছে রাজশাহীর দুর্গাপুরে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এ ছাড়া নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পৌর বিএনপির সদস্যসচিব আহম্মেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল, উপজেলা জিয়া পরিষদের সভাপতি গোলাম মোর্তুজা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে এবার মোট ১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। প্রতিযোগীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর।

উল্লেখ্য, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার লক্ষ্যে গত ২ মে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসর শুরু হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, দ্বিতীয় আসরের নতুন কুঁড়ি কর্মসূচিতে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন শিশু-কিশোর।