রয়্যাল এনফিল্ডের নতুন ১১ সংস্করণ, দাম শুরু ৩ লাখ ৭৫ হাজার টাকা

হান্টার ৩৫০-এ আটটি নতুন রং, ক্ল্যাসিক ৩৫০-এ তিনটি; সর্বোচ্চ দাম ৪ লাখ ৮৯ হাজার টাকা
টুইট প্রতিবেদক: বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন সংস্করণ উন্মোচন করেছে বিশ্বখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ড। নতুন এই আয়োজনে হান্টার ৩৫০-এর আটটি রঙের সংস্করণ এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল যুক্ত হয়েছে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে নতুন মোটরসাইকেলগুলো ইফাদ মোটরস লিমিটেডের মাধ্যমে বাজারজাত করা হচ্ছে।
নতুন সংস্করণগুলোতে নকশা ও রঙের বৈচিত্র্যের পাশাপাশি আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। তবে মোটরসাইকেল দুটির ঐতিহ্যবাহী নকশা, স্বতন্ত্র বৈশিষ্ট্য ও আরামদায়ক চালানোর অভিজ্ঞতা অক্ষুণ্ন রাখা হয়েছে।
হান্টার ৩৫০-এ আটটি নতুন রং
নতুন হান্টার ৩৫০ পাওয়া যাবে রেবেল ব্লু, ড্যাপার গ্রে, লন্ডন রেড, টোকিও ব্ল্যাক, রিও হোয়াইট, গ্রাফাইট গ্রে, মুনশট হোয়াইট ও মুম্বাই ইয়েলো—এই আটটি রঙে।
মোটরসাইকেলটিতে যুক্ত হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, এলইডি হেডলাইট এবং টাইপ-সি দ্রুত চার্জিং সুবিধা। পাশাপাশি উন্নত সাসপেনশন ও আরামদায়ক আসন চালকের স্বাচ্ছন্দ্য বাড়াবে। কমপ্যাক্ট নকশা, সহজ নিয়ন্ত্রণ ও গতিশীল কর্মক্ষমতার কারণে শহরের ব্যস্ত সড়কে চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে এটি।
ক্ল্যাসিক ৩৫০-এ তিনটি নতুন মডেল
ক্ল্যাসিক ৩৫০-এর নতুন সংস্করণ পাওয়া যাবে গান গ্রে, মেডেলিয়ন ব্রোঞ্জ ও এমারেল্ড গ্রিন রঙে। এগুলো যথাক্রমে ডার্ক, হেরিটেজ প্রিমিয়াম ও ক্রোম সিরিজের অন্তর্ভুক্ত।
মোটরসাইকেলটির ঐতিহ্যবাহী নকশা ও রেট্রো আবহ অক্ষুণ্ন রেখে যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি। এর মধ্যে রয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, টাইপ-সি দ্রুত চার্জিং সুবিধা এবং উন্নত সাসপেনশন। পরিচিত অশ্রুবিন্দু আকৃতির জ্বালানি ট্যাংক, স্বতন্ত্র হেডল্যাম্প ও নান্দনিক নকশা ক্ল্যাসিক ৩৫০-এর অন্যতম আকর্ষণ।
নতুন মোটরসাইকেলের দাম
হান্টার ৩৫০-এর নতুন সংস্করণগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা।
ড্যাপার গ্রে, রিও হোয়াইট ও গ্রাফাইট গ্রে সংস্করণের দাম ৩ লাখ ৭৫ হাজার টাকা। অন্যদিকে রেবেল ব্লু, টোকিও ব্ল্যাক, মুনশট হোয়াইট, লন্ডন রেড ও মুম্বাই ইয়েলোর দাম ৩ লাখ ৮০ হাজার টাকা।
ক্ল্যাসিক ৩৫০-এর মেডেলিয়ন ব্রোঞ্জ সংস্করণের দাম ৪ লাখ ৪৫ হাজার টাকা, গান গ্রে ৪ লাখ ৫৯ হাজার টাকা এবং এমারেল্ড গ্রিনের দাম ৪ লাখ ৮৯ হাজার টাকা।
নতুন মোটরসাইকেলগুলো দেশের বিভিন্ন স্থানে রয়্যাল এনফিল্ডের অনুমোদিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।
নতুন মডেল উন্মোচন প্রসঙ্গে ইফাদ মোটরস লিমিটেডের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ বলেন, নতুন রঙ ও মডেলের সংযোজনের ফলে গ্রাহকেরা নিজেদের পছন্দ ও ব্যক্তিত্ব অনুযায়ী মোটরসাইকেল বেছে নেওয়ার আরও সুযোগ পাবেন। নতুন সংস্করণগুলো বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের মধ্যে ব্র্যান্ডটির জনপ্রিয়তা আরও বাড়াবে বলে তাঁরা আশাবাদী।
নতুন মডেল উন্মোচনের মধ্য দিয়ে বাংলাদেশের মাঝারি ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেলের বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করার লক্ষ্য নিয়েছে।






