রাজশাহীতে জাতীয় যুব দিবস উদ্যাপন, তরুণদের দক্ষতা অর্জনের আহ্বান

রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকেলে রাজশাহী শিশু একাডেমিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।
অনুষ্ঠানের শুরুতে নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে রাজশাহী শিশু একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুবসমাজকে দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, যুবকদের মেধা ও কর্মশক্তিকে কাজে লাগাতে তাদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। যুবসমাজকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুরুল কাদির, কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্প্য এবং এটিএন বাংলার রাজশাহীর রিপোর্টার সুজাউদ্দিন ছোটন।
সাংস্কৃতিক পর্বে যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্যরা উদ্বোধনী নৃত্য, দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটিকা পরিবেশন করেন। পাশাপাশি যুবসমাজের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়। স্থানীয় পর্যায়ে যুব উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও সুরক্ষা বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপির কর্মকর্তা, যুব প্রতিনিধি, শিশু ফোরামের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






