ছাত্ররাজনীতি যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা বজায় রাখা এবং ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা সালাহউদ্দিন আহমদের।

টুইট প্রতিবেদক: ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কর্মজীবনে তার কোনো প্রভাব থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কোনোভাবেই পেশাগত দায়িত্ব পালনে প্রতিফলিত না হয়।

রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস পুলিশ ও আনসার ক্যাডারে নবযোগদান করা কর্মকর্তাদের পরিচিতি ও ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করা তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের দায়িত্বশীল কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল।

কর্মজীবনে শৃঙ্খলা ও চাকরিবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়ে তিনি বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা মেনে চলতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সতর্কতা ও বিচক্ষণতার পরিচয় দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ ও আনসার বাহিনী অন্যান্য ক্যাডারের তুলনায় ভিন্ন ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করে। অনেক ক্ষেত্রে মুহূর্তের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত জরুরি।

আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার নির্দেশ দেন। একই সঙ্গে কোনো অবস্থাতেই যেন ক্ষমতার অপব্যবহার না হয়, সে বিষয়ে নবীন কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উল্লেখ্য, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।