ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন

শনিবারের কর্মসূচিতে সহিংসতা ও লুটপাটের আশঙ্কা, শহরের কেন্দ্রস্থলে সমাবেশে নিষেধাজ্ঞার ঘোষণা।

টুইট প্রতিবেদক: ফ্রান্সে শনিবারের নতুন দফার বিক্ষোভ ঘিরে সম্ভাব্য সহিংসতা ও লুটপাট ঠেকাতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হ্যালোইন উৎসবের সঙ্গে একই সময়ে বিক্ষোভ কর্মসূচি থাকায় নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে দেশটির প্রশাসন।

বৃহস্পতিবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ এ ঘোষণা দেন। তিনি জানান, গত ২৪ অক্টোবরের মতোই এবারও দেশজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, শনিবার পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠতে পারে। বিক্ষোভ গভীর রাত পর্যন্ত গড়ানোর আশঙ্কা থাকায় জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঝুঁকিও বেশি।

আন্দোলনকারীদের রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে জমায়েত হওয়ার আহ্বানকে বিশেষভাবে সহিংস বলে উল্লেখ করেন নুনেজ। তিনি বলেন, এসব জমায়েত নিষিদ্ধ থাকবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে সমবেত হলে তাদের ছত্রভঙ্গ করা হবে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।

তিনি আরও জানান, গত ১৭ অক্টোবরের বিক্ষোভে বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় পৌর কর্তৃপক্ষ শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভ নিষিদ্ধ করে আদেশ জারি করবে।

এ ছাড়া বিভিন্ন শহরে প্রবেশের সময় তল্লাশি জোরদার করা হবে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হবে।

নুনেজ বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ কঠোরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতাও সুরক্ষিত রাখা হবে।