যোগাযোগের নামে দেশকে ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়নের দাবি, বিএনপিকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান
টুইট ডেস্ক : যোগাযোগব্যবস্থা উন্নয়নের নামে বাংলাদেশকে অন্য কোনো দেশের কাছে ইজারা দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখী দীর্ঘ পদযাত্রার উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না।’ অতীতে যারা অন্যের অধীনতা মেনে নিয়েছিল, তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, চার দিনের সফরে প্রধানমন্ত্রী কী উদ্দেশ্যে গিয়েছিলেন এবং কী অর্জন নিয়ে ফিরেছেন, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো বিষয় আড়াল করা হচ্ছে কি না, তা জনগণ জানতে চায়।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মূল বিষয় হচ্ছে গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করা। তাঁর দাবি, এই রায় বাস্তবায়িত না হওয়ায় অন্য ছয় দফা দাবি সামনে এসেছে।
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির অভিযোগ করেন, দলটি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং গণভোটের রায় বাস্তবায়নে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। আগামী ৯ নভেম্বর সংসদ অধিবেশন শুরুর আগেই সরকারকে সিদ্ধান্ত পরিবর্তন করে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান বলেন, সরকার দাবি মেনে নিলে আপাতত বিরোধী দলের নতুন কর্মসূচির প্রয়োজন হবে না। অন্যথায় দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখা হবে।
দেশবাসী, বিশেষ করে তরুণ সমাজকে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
সমাবেশে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
এদিকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জামায়াতের উদ্বেগের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ৩০ অক্টোবর জানান, প্রধানমন্ত্রীর জাপান সফরের যৌথ বিবৃতি পর্যালোচনা করলে দেশের স্বার্থ বিসর্জন দেওয়ার অভিযোগের ভিত্তি পাওয়া যাবে না।






