রাজশাহীতে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিশু-কিশোর সমাবেশ, আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
রাজশাহী প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফুলকুঁড়ি আসরের রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, ‘আজকের শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে ফুলকুঁড়ি আসরের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শিশু-কিশোরদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ফুলকুঁড়ি আসরের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিটি করপোরেশনের প্রশাসক।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম এবং ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।
এ ছাড়া ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক আমান উল্লাহ, সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, শিশু-কিশোর ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।






