রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উদ্যাপন

শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা ও দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন
রাজশাহী প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা এবং কবি, সাহিত্যিক ও নাট্যকার দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী রচিত দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিজগতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিখা রানী সরকার এবং আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মতিউর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জে এ এম শাকিল উর রহমান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. খাদিজাতুল কোবরা এবং সমাজসেবক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহিদ সোহেল।
সংহিতা রায় ও অঙ্কনা সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল আলী। বক্তব্য দেন দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জীর শিক্ষক নিমাই চন্দ্র সরকার, আয়োজক কমিটির সদস্যসচিব আমীর সা’দাত এবং নওগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন আখতারুজ্জামান এবং গীতা থেকে পাঠ করেন তাপস চক্রবর্তী।
পরে অতিথিরা দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী রচিত ‘বিশ্বকবি: বিশ্বের বিস্ময়’ ও ‘বাংলাভাষা ও ব্যাকরণের মেলবন্ধন’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আরটিভির রাজশাহী প্রতিনিধি আমীর ফয়সাল।






