এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল

ঢাকায় পাস ৬১.৮০ শতাংশ, বরিশালে ৪৪.৮৪ শতাংশ; রাজশাহীতে ৪৫.০৬ শতাংশ

টুইট ডেস্ক : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। বোর্ডটিতে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ। রাজশাহী বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৪৫ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বোর্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪, সিলেটে ৫০ দশমিক ৯০, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮, রাজশাহীতে ৪৫ দশমিক ০৬, যশোরে ৪৪ দশমিক ৯২ এবং বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। এসব বোর্ডে গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছেন ৩৫ হাজার ৯৪৮ জন।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৫৪৭ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৮৮৯ জন। পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছেন ৮৮৬ জন।

সব মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

গত বছর গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশীয় পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

এবারের ফলাফলে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান দেখা গেছে। সর্বোচ্চ পাসের হার থাকা ঢাকা বোর্ডের সঙ্গে সর্বনিম্ন অবস্থানে থাকা বরিশাল বোর্ডের ব্যবধান ১৬ দশমিক ৯৬ শতাংশীয় পয়েন্ট।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত থাকায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।