রাজশাহীর চারঘাটে বিজিবির অভিযানে ১০৫ বোতল ভারতীয় মদ জব্দ

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান, জড়িতদের শনাক্তে তৎপরতা অব্যাহত।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ১০৫ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে চারঘাট থানার পল্টন আমবাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০৫ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
জব্দ করা মদ চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।






