নারীর ক্ষমতায়নে রাজশাহীতে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘শি স্পিকস’ আয়োজন

ভোটাধিকার, নেতৃত্ব ও নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
নিজস্ব প্রতিবেদক : নারীর অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্বের বিকাশ এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে ‘শি স্পিকস’ পলিসি ক্যাফে ও অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ‘এমপাওয়ারিং ভয়েসেস, শেপিং পলিসি’ প্রতিপাদ্যে দিনব্যাপী এ আয়োজন করে সামাজিক সংস্থা জাগো ফাউন্ডেশন ট্রাস্ট।
সেশনে নারীর ক্ষমতায়ন, ভোটাধিকার প্রয়োগে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা নারীদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার পাশাপাশি নেতৃত্বের সক্ষমতা বাড়ানো এবং সামাজিক প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান।
আলোচনায় পরিবার, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে নারীর মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়ার দাবি ওঠে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
আয়োজকরা জানান, ‘শি স্পিকস’ প্ল্যাটফর্মের মাধ্যমে নারীর অধিকার ও ক্ষমতায়নের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। তৃণমূল পর্যায়ে নারীদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়া এবং তাঁদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নারীর সমান সুযোগ নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের বিকাশে দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।






