নারী খেলোয়াড়দের সাহসী অংশগ্রহণের প্রশংসা আরএমপি কমিশনারের

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডির সমাপনীতে প্রধান অতিথি ডিআইজি আশিক সাঈদ।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে রাজশাহী রেঞ্জের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির উপস্থিত অতিথি, পুলিশ সদস্য, কোচ ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। এ সময় তিনি রাজশাহী বিভাগের খেলোয়াড়দের অংশগ্রহণ, আগ্রহ ও উদ্দীপনার প্রশংসা করেন। বিশেষ করে নারী খেলোয়াড়দের সাহস, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ক্রীড়ার প্রতি আগ্রহের বিষয়টি তুলে ধরেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা, মেধার বিকাশ এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা মানুষের শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।
তিনি তরুণ সমাজকে ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও কর্মমুখী জীবন গড়ে তোলার আহ্বান জানান। এ জন্য পড়াশোনা ও অন্যান্য দায়িত্বের পাশাপাশি নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চায় মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলাভিত্তিক প্রতিযোগিতায় বগুড়ার খেলোয়াড়দের পারফরম্যান্সের উল্লেখ করে পুলিশ কমিশনার ভবিষ্যতে জাতীয় পর্যায়ে রাজশাহী চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, খেলাধুলার ধারাবাহিক চর্চা, প্রশিক্ষণ ও খেলোয়াড়দের যথাযথ উৎসাহ প্রদানের মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জনের সুযোগ রয়েছে।
এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে। কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্য অনুযায়ী পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক আস্থা জোরদারেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
বক্তব্যের শেষ পর্যায়ে পুলিশ কমিশনার প্রতিযোগিতাটি সুন্দরভাবে আয়োজনের জন্য আয়োজক কমিটি, রাজশাহী জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন তিনি।
পরে কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির সভাপতি ও রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ সমাপনী বক্তব্য দেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
প্রথমবারের মতো আয়োজিত এ চ্যাম্পিয়নশিপ রাজশাহী অঞ্চলে কাবাডির চর্চা ও প্রসারে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।







