বরিশালে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সঞ্জয় কুমার বাড়ৈকে।
টুইট ডেস্ক: বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির অভিযোগে সঞ্জয় কুমার বাড়ৈসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সড়কে মিছিল করার অভিযোগ ওঠে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা করা হয়।
পুলিশ জানায়, ওই মামলায় সঞ্জয় কুমার বাড়ৈকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সঞ্জয় কুমার বাড়ৈকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






