সাংস্কৃতিক আগ্রাসন বিস্তারে বিগত সরকার স্থানীয় এজেন্টের ভূমিকা পালন করেছে: রিজভী

লালন সাঁইয়ের তিরোধান দিবসের অনুষ্ঠানে ভারতের সিনেমা প্রদর্শন ও সাংস্কৃতিক একমুখীকরণের সমালোচনা
নিজস্ব প্রতিবেদক:সাংস্কৃতিক আগ্রাসন বিস্তারে বিগত সরকার স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে মরমি সাধক লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত ‘লালন তিরোধান উৎসবে’ যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। ‘কালচার ফর ইউনিটি বাংলাদেশ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, গত ১৭ বছর ধরে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে এবং সংস্কৃতিকে আজ্ঞাবহ ও একমুখী করার চেষ্টা হয়েছে। বাংলাদেশের সিনেমা হলে বিনা বাধায় ভারতীয় সিনেমা প্রদর্শনের সিদ্ধান্তকে তিনি বড় ধরনের সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো বুদ্ধিজীবী প্রতিবাদ করেননি।
এ সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের একটি মন্তব্যেরও কড়া সমালোচনা করেন রিজভী। আন্দোলনকারীরা বাংলাদেশের মতো সহিংসতার মাধ্যমে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে—রাজনাথ সিংয়ের এমন বক্তব্যের বিরোধিতা করেন তিনি।






