নুরের বক্তব্যে মগবাজার-বাংলামটর তছনছ: রাশেদ খাঁন

জামায়াত-এনসিপিকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর
টুইট ডেস্ক: প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যের প্রশংসা করে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি মন্তব্য করেছেন, নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামটর তছনছ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, বিরোধী রাজনীতিতে এমন নেতার প্রয়োজন, যাঁর বক্তব্যে তেজস্বী ভাব থাকে এবং যা কর্মী-সমর্থকদের মধ্যে উদ্দীপনা তৈরি করে। তাঁর দাবি, জামায়াত-শিবির ও এনসিপিতে এ ধরনের রাজনৈতিক চরিত্রের নেতা নেই।
রাশেদ খাঁন আরও লেখেন, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে একজন নেতার বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। তাঁর মতে, গোপন রাজনীতির মাধ্যমে এমন নেতৃত্ব গড়ে তোলা সম্ভব নয়।
নুরুল হক নুরের রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারে যোগ দেওয়ার পর নুরের বক্তব্যের তেজ কিছুটা কমে গিয়েছিল। তবে জামায়াত ও এনসিপির সমালোচনায় তাঁকে আবারও আগের মতো তেজস্বী ভূমিকায় দেখা গেছে।
নুরুল হক নুরের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাশেদ খাঁন আরও বলেন, নুরকে খেপানোর পরিণতি জামায়াত-শিবির ও এনসিপিকে ভোগ করতে হতে পারে। নুরের রাজনৈতিক দৃঢ়তা বোঝাতে তিনি তাঁকে ‘বারুদ’ বলেও অভিহিত করেন।






