বাজারে চড়া সবজির দাম, স্বস্তি শুধু পেঁপে-কুমড়ায়

টমেটো ২০০ টাকা, আগাম শিম ১৬০; ডিমের ডজন ১৪০ টাকা
টুইট ডেস্ক: রাজধানীর কাঁচাবাজারে অধিকাংশ সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে। শীতের আগাম সবজি বাজারে উঠলেও চড়া দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি টমেটো ১৮০ থেকে ২০০ টাকা এবং শিম ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে শুধু পেঁপে ও মিষ্টিকুমড়া।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখী, পটোল, মুলা ও ঢ্যাঁড়সের কেজি ৮০ টাকা। বেগুন ও কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আগাম শিমের কেজি ১৬০ টাকা এবং টমেটো ১৮০ থেকে ২০০ টাকা। দেশি শসার কেজিও ১০০ টাকা। অন্যদিকে পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপির প্রতিটি বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
সবজির উচ্চমূল্যের মধ্যে কাঁচা মরিচের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে সবজির বাড়তি দাম সামলানো কঠিন হয়ে পড়েছে। টমেটো, শিম ও শসার মতো সাধারণ সবজি কিনতেও এখন বাড়তি টাকা গুনতে হচ্ছে।
এদিকে মুরগির দাম গত সপ্তাহের তুলনায় প্রায় অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম ডজনে ১০ টাকা কমে ১৪০ টাকায় নেমেছে। চারটি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
গরুর মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।
মাছের বাজারেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩๐ টাকা এবং রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারভেদে মাছের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমবেশি হতে পারে। মাছের আকার এবং জীবিত না মৃত—তার ওপরও দাম নির্ভর করছে। সব মিলিয়ে মাছ, মাংস ও ডিমের বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও সবজির উচ্চমূল্যেই সবচেয়ে বেশি চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা।






