টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

গাজীপুরের চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা থেকে পাশের ভবনে ছড়িয়েছে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী
টুইট ডেস্ক : গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে উদ্ধার ও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে সেনাবাহিনী।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে কারখানার একটি ভবনে আগুন লাগে। পরে তা পাশের পেনসিলিং ভবনের চারতলায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালপত্র পুড়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুনের প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে রাসায়নিকের তীব্র গন্ধ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহিন আলম জানান, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুরের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আসা ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানা থেকে পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকর্মীরা তৎপর রয়েছেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কারখানা ও পাশের ভবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার ও আগুন নেভানোর কাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।






