পদ্মায় জলদস্যুদের সংঘর্ষ, ডুবিয়ে দেওয়া হলো দুই স্পিডবোট

নদীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, কয়েক রাউন্ড গুলিবর্ষণ; ঘটনাস্থল নৌ-পুলিশের আওতায়।
টুইট প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়ার পর সেগুলো মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর এলাকাসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নদীতে চারটি স্পিডবোট চলাচলের একপর্যায়ে একটি পক্ষ অপর পক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বোট দুটি তীরে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে প্রতিপক্ষের লোকজন পেট্রল ঢেলে স্পিডবোট দুটিতে আগুন ধরিয়ে দেন।
স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনলেও পরে আরেকটি স্পিডবোটের সাহায্যে ক্ষতিগ্রস্ত বোট দুটি মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়। পদ্মা নদীতে আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, ঘটনাস্থল নৌ-পুলিশের অধিক্ষেত্রভুক্ত এলাকায় হওয়ায় প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট নৌ-পুলিশ।
তিনি আরও বলেন, স্পিডবোটে আগুন লাগার খবর তিনি শুনেছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
এদিকে ঘটনার বিস্তারিত জানতে লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর নদীতে জলদস্যুদের তৎপরতা, সংঘর্ষের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।






