দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকা; চলতি বছরে ১২১ বার দাম সমন্বয়
টুইট ডেস্ক : দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকা। শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ২৮১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৯৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দাম ভ্যাটসহ প্রকাশিত।
এর আগে গত সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৫৮৪ টাকা। ২১ ক্যারেটে বেড়েছে ২ হাজার ৪৬৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ৪৯৬ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৯ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৬২ দফা কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ দফা দাম বাড়ানোর বিপরীতে ২৯ দফা কমানো হয়েছিল।






