সিটি উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুরে সড়ক, নর্দমা ও নগর অবকাঠামো উন্নয়নে চার প্রকল্প অনুমোদন।

টুইট ডেস্ক: ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনের সড়ক, নর্দমা ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। পরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সংবাদ ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিষয়ে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক ও নর্দমা ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্প শুরুর দুই বছরের মধ্যে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনাও যুক্ত করার কথা রয়েছে।

রংপুর সিটি করপোরেশনে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন করা হবে। আর গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর অঞ্চলে সড়ক নির্মাণ ও উন্নয়নের পাশাপাশি নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এসব প্রকল্পের সঙ্গে নির্বাচনী প্রস্তুতির কোনো সম্পর্ক নেই। প্রকল্পগুলোর প্রস্তুতি অনেক আগে থেকেই চলছিল। ভবিষ্যতেও সিটি করপোরেশনগুলোর উন্নয়নে আরও প্রকল্প নেওয়া হবে।

একনেক সভায় প্রধানমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কয়েকটি নির্দেশনাও দিয়েছেন। ঢাকা দক্ষিণের প্রকল্পে পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সড়ক বা অবকাঠামো প্রকল্পে কাজ শেষ হওয়ার তিন বছরের মধ্যে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিজ খরচে তা মেরামত করার বাধ্যবাধকতা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবারের সভায় মোট ১৩টি প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮৫ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২০ কোটি টাকা।

এদিন রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার পিক সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ছয় টাকা ধরা হলেও চার ঘণ্টার ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা যুক্ত হওয়ায় তা বেড়ে নয় টাকা হয়েছে। প্রধানমন্ত্রী এখন আট ঘণ্টার ব্যাটারি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। ফলে প্রকল্প ব্যয় আরও বাড়তে পারে।

এ ছাড়া সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নৌযান সংগ্রহ, রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ বৈদ্যুতিক-ডিজেল ইঞ্জিন সংগ্রহ, প্যারিসে কেনা চ্যান্সারি ভবন সংস্কার এবং বিভিন্ন সড়ক ও সেতু নির্মাণের প্রকল্পও অনুমোদন পেয়েছে।