বাংলাদেশে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক কনটেইনার ডিপো স্থাপনে আগ্রহ; চট্টগ্রাম টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি নিয়ে আলোচনা
টুইট ডেস্ক : বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও রেলভিত্তিক অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিকস খাতের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির বিষয়টিও উঠে আসে।
চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর অতিরিক্ত কনটেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। সংশ্লিষ্টদের আশা, এ অংশীদারত্বের মাধ্যমে টার্মিনালটির আধুনিকায়ন ও পরিচালন দক্ষতা বাড়ার পাশাপাশি দেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি পাবে।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডি স্থাপনসহ নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের আগ্রহ সম্পর্কে জানতে চান। জবাবে প্রতিনিধিদল এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।
প্রধানমন্ত্রী বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে ডিপি ওয়ার্ল্ডসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া দেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং লজিস্টিকস ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার সম্ভাবনা নিয়েও বৈঠকে মতবিনিময় হয়।






