ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর

৩৬ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে ২০ সেপ্টেম্বর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন তিনি মোহাম্মদ আবু

জোষ্ঠ ব্যাংকার মোহাম্মদ আবু জাফর ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ২০ সেপ্টেম্বর তিনি ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ন্যাশনাল ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ আবু জাফরের ব্যাংকিং খাতে প্রায় ৩৬ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। ন্যাশনাল ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা ছিলেন। পাশাপাশি ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৯০ সালে উত্তরা ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন মোহাম্মদ আবু জাফর। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবসা সম্প্রসারণ, তৈরি পোশাক খাতে অর্থায়ন, বৈদেশিক শাখাভিত্তিক ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, কোষাগার ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিংয়ে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।
মোহাম্মদ আবু জাফর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে

অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর এবার তিনি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন।