বিমানবন্দরে তর্ক-বিতর্ক, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

লাগেজ সংকটকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা, গালাগাল ও মারধরের হুমকির অভিযোগ; তদন্তে পুলিশ
টুইট ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার মদিনা থেকে আসা একটি ফ্লাইটের লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং গালাগাল, ধাক্কা ও মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এ সময় তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হবে কি না, সে বিষয়ে তদন্তের আগে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হন। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।






