সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব

টুইট ডেস্ক: কনটেন্ট নির্মাতা সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, বিএফআইইউর পাঠানো বার্তায় সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার আবেদনপত্র, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য এবং হিসাব বিবরণী চাওয়া হয়েছে। পাশাপাশি তার নামে থাকা হিসাবগুলোর পরিচিতি-সংক্রান্ত নথি ও হিসাব বিবরণীর সফট কপি পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া বিএফআইইউর নির্ধারিত ছকে তার হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে। চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর-সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে।
লেনদেনসংক্রান্ত তথ্য তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তলব করা তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সালমান মোহাম্মদ মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে বিভিন্ন আসবাব ও জিনিসপত্র ভাঙচুর করে বলে তিনি জানান।
ঘটনার পর সালমান মুক্তাদির প্রথমে বিএনপির লোকজন তার কাছে চাঁদা চেয়েছিল বলে অভিযোগ করেন। পরে তিনি জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। তার বক্তব্যের এই পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান বলেন, সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া ব্যক্তিরা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে তিনি আশা করেন।






