লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বুড়িমারীতে যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয় বিকল ট্রাক, পাঁচজনকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেলে
টুইট ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রামের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি পাশের একটি দোকানে ঢুকে অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।






