সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই: পুলিশ

টুইট ডেস্ক : রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদা দাবির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রোববার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম।
তিনি জানান, শনিবার রাতে দলবদ্ধভাবে কিছু লোক নিউ গিনি প্রপার্টিজে এসে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন গ্রেপ্তার রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামুন নামে একজনের বাড়ি গফরগাঁও এবং তিনি ভাসানটেক বস্তিতে থাকেন বলে জানিয়েছে পুলিশ। আসলাম নামে আরেকজনের বাড়ি টাঙ্গাইলে এবং তিনি অটোরিকশা চালান। মুন্না নামে অপর একজনও ভাসানটেক বস্তিতে থাকেন।
হামলার কারণ সম্পর্কে পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হবে। প্রাথমিকভাবে একটি আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানে রাতের বেলায় দলবদ্ধভাবে হামলার ঘটনায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের সম্ভাবনা দেখা যাচ্ছে।
তবে কার সঙ্গে কার বিরোধ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। একই সঙ্গে সালমান মুক্তাদিরের কাছে চাঁদা দাবি করা হয়েছিল কি না—এমন কোনো তথ্যও পুলিশের কাছে এই মুহূর্তে নেই বলে জানান মাহিদুল ইসলাম।
তিনি বলেন, ঘটনাটি এখনো তদন্তাধীন। হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত শেষ হলে হামলার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।





