সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

মিরপুরের ক্লিনিক ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

টুইট ডেস্ক: সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতে চলবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মাহদী আমিন। মিরপুরের রাড্ডা ক্লিনিক ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সফরের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে। তাঁর দাবি, সফরটি ফলপ্রসূ হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে বিমান কেনার চুক্তি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, কোনো চাপের মুখে নয়, বরং দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতেই চুক্তিটি করা হয়েছে। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পাঁচ দিনের নিউইয়র্ক সফরে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন।

শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা এমিরেটসের একটি উড়োজাহাজে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছান। পরে রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ উড়োজাহাজে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রোববার সকালে প্রধানমন্ত্রীর বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।