নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে ভাষণ, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

টুইট ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন। পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল।

এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসে।

এ ছাড়া প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি এবং অধিবেশনের পার্শ্ববর্তী চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। এসব কর্মসূচির মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের নারী নেত্রীদের মঞ্চ, প্রথম সহধর্মিণীদের সংলাপ এবং মা ও শিশুর স্বাস্থ্য ও ধাত্রীবিদ্যা বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠান ছিল।