ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম

আংশিক মেঘলা আকাশ থাকলেও শুষ্ক আবহাওয়ায় দিনের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস

টুইট ডেস্ক: ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আজ রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গতকালের তুলনায় আজ গরম কিছুটা বেশি অনুভূত হতে পারে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে, রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এ সময়ে নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না।

তবে আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।