মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোয় ১০ বিলিয়ন ডলারের তহবিল চায় যুক্তরাষ্ট্র

যুদ্ধের ক্ষয়ক্ষতি পুনর্গঠনের পাশাপাশি হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা
টুইট ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো পুনর্গঠনে নতুন তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত তহবিলে যুক্তরাষ্ট্র ৫০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো মেরামত এবং পুনর্গঠন হবে এই তহবিলের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তেল ও গ্যাস পরিবহনে হরমুজ প্রণালির ওপর মধ্যপ্রাচ্যের দেশগুলোর নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হবে।
যুক্তরাষ্ট্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, ইরাক ও জর্ডানকে তহবিলে সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানিয়েছে। আট দেশ মিলে আরও ৫০০ কোটি ডলার দিলে তহবিলটির মোট আকার দাঁড়াবে ১ হাজার কোটি ডলার।
প্রস্তাবিত তহবিলের নাম ‘পার্টনারশিপ ফর ট্রাস্ট অ্যান্ড অ্যালাইড রিকনস্ট্রাকশন’ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তহবিল গঠনের বিষয়ে এখনো আলোচনা চলছে। এর শর্ত পরিবর্তিত হতে পারে এবং অংশগ্রহণকারী দেশগুলোর বিষয়টিও চূড়ান্ত হয়নি।
মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, এই উদ্যোগ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের মধ্যে সহযোগিতা আরও জোরদারের অংশ। তবে কয়েকজন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি না করে ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনা পুনর্নির্মাণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ পুনর্নির্মাণের পর এসব স্থাপনায় আবারও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে।
প্রস্তাবিত তহবিল পরিচালনার দায়িত্ব পেতে পারে যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন করপোরেশন। সরকারি এই সংস্থাটি বেসরকারি খাতের সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে অর্থায়ন করে।






