চারঘাটে ৪২৭ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২

পাথরের আড়ালে তিন বস্তায় রাখা ছিল ফেনসিডিল, মাদক মামলায় দুজনের বিরুদ্ধে মামলা।

নিজস্ব প্রতিবেদক, চারঘাট: রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২৭ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে চারঘাট উপজেলার নাওদাড়া গ্রামের গোলাপের চায়ের দোকানের সামনে চারঘাট-বানেশ্বর সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চারঘাট উপজেলার মোক্তারপুর (পাকিয়ানপাড়া) গ্রামের আব্দুল করিমের ছেলে সুমন আলী (৩২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দাসিরদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে হাতেম আলী (৩০)।

চারঘাট মডেল থানা পুলিশ জানায়, এসআই তাসেম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সারদা বাজার ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নাওদাড়া এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে খবর পাওয়া যায়।

পরে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে রাত সোয়া ২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

পরে তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১২-৫৯৯ নম্বরের ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় অর্ধবোঝাই পাথরের আড়াল থেকে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সুমন আলীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় একটি এবং হাতেম আলীর বিরুদ্ধে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানায় একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।