ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠদের পুরস্কৃত করলেন ডিআইজি জাহিদুল হাসান

ময়মনসিংহ রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা। অপরাধ দমন, সাইবার জুয়া নিয়ন্ত্রণ ও দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ ডিআইজি জাহিদুল হাসানের।

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ রেঞ্জাধীন সব জেলার অংশগ্রহণে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদস‌্যদের মনবল বাড়া‌তে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান ও উত্তম কাজের স্বীকৃতি হিসেবে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

সভায় অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

সভায় বিভিন্ন খাতভিত্তিক মামলার অগ্রগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডিআইজি ক্রাইম অ্যাগেইনস্ট প্রপার্টি, মানবপাচার, মানিলন্ডারিং, সাইবার স্পেসে অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

ডিআইজি বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সমস্যা সমাধানের পাশাপাশি তাদের সঙ্গে সুন্দর ও মানবিক আচরণ করতে হবে।

পুলিশকে জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। দেশের সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী—এ নীতি বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে এসে কোনো নাগরিক যাতে হয়রানি বা অযথা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন ডিআইজি। পূজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুর্গাপূজাকে সার্বজনীন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

শ্রেষ্ঠদের পুরস্কৃত

আগস্ট ২০২৬ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান ও উত্তম কাজের স্বীকৃতি হিসেবে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে ময়মনসিংহ জেলা। এ জন্য পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে পুরস্কৃত করা হয়।

শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছে নেত্রকোনার দুর্গাপুর সার্কেল। পুরস্কার পান অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক (নিঃ) শফিকুল ইসলাম।

শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন নেত্রকোনার দুর্গাপুর থানার মো. শাহীনুর ইসলাম তালুকদার।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার এসআই (নিঃ) মো. মহিবুর রহমান।

শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার এএসআই (নিঃ) মো. শাহ আলম।

এ ছাড়া ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয় কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান ও এসআই (নিঃ) আলী আকবর এবং জামালপুর সদর থানার এসআই (নিঃ) মো. মোস্তাফিজুর রহমানকে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং ডিআইজির স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার মো. পারভেজ আলম।

অনলাইনে রেঞ্জাধীন বিভিন্ন জেলার ক্রাইম শাখা ও সার্কেল অফিসারসহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা সভায় যুক্ত ছিলেন।