জ্যাকসন হাইটসে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার-পোস্টার

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর

টুইট ডেস্ক: জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত এলাকা জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-পোস্টার টাঙানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর নিউইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে। তাঁর আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক অঙ্গনের বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এসব ব্যানার-পোস্টার প্রদর্শন করা হয়েছে।

জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে টাঙানো ব্যানার-পোস্টারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও রয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে তাঁকে স্বাগত জানিয়ে ব্যানার-পোস্টার লাগিয়েছেন।

যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাঈদ আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এসব ব্যানার-পোস্টারের ছবি প্রকাশ করেছেন।

এদিকে ব্যানার-পোস্টারে বিভিন্ন ব্যক্তির নাম ও ছবি ব্যবহারের বিষয়টি নিয়ে বিএনপির কয়েকজন নেতাকর্মীর মধ্যে প্রশ্ন উঠেছে। তাঁদের কেউ কেউ দাবি করেছেন, দলের কঠিন সময়ে যাঁদের আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি, তাঁদেরও এখন স্বাগত জানিয়ে প্রচারে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এবারের সফর ৯৬ ঘণ্টার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সফরসঙ্গী হিসেবে ২২ জন থাকার কথা রয়েছে। নিউইয়র্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠকের কর্মসূচি চূড়ান্ত হয়নি।