জঙ্গল সলিমপুরে ৩ শতাধিক সদস্যের যৌথ অভিযান, পাহাড়ে কড়া নজরদারি

পাহাড়ে জোরদার নিরাপত্তা। নাশকতার আশঙ্কায় জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বড় অভিযান। আলীনগর-নবীনগর-ওসমানের ঘোনায় তল্লাশি, সন্দেহজনক ব্যক্তিদের পরিচয় যাচাই।
টুইট প্রতিবেদক: জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নেতৃত্বে বিজিবি, এসআরবি, এপিবিএন, সীতাকুণ্ড থানা পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর প্রায় তিন শতাধিক সদস্য এ অভিযানে অংশ নেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জঙ্গল সলিমপুরের আলীনগর, নবীনগর, ওসমানের ঘোনাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, বিজিবি ও এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী ও সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে—এমন তথ্যের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে এ সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে পাহাড়ি এলাকায় সমন্বিত টহল জোরদার করা হয়। পাশাপাশি বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি ও স্থাপনা, আশপাশের পরিত্যক্ত স্থান এবং সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অবস্থান যাচাই-বাছাই করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ যৌথ তৎপরতার মাধ্যমে অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ প্রতিরোধ, সম্ভাব্য নাশকতার প্রস্তুতি নস্যাৎ এবং অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশ রোধের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে।
অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়। একইসঙ্গে কোনো অপরাধ বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও দৃশ্যমান উপস্থিতি নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি অপরাধপ্রবণ ব্যক্তিদের মধ্যেও আইনের যথাযথ প্রয়োগের বার্তা পৌঁছে দিচ্ছে।
জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।






