যুক্তরাষ্ট্রে বিল পাস, ভারতের পণ্যে ১০০ শতাংশ শুল্কের শঙ্কা

রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর বাড়তি চাপ তৈরির উদ্যোগ; পরবর্তী ধাপে প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষা
টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ নামে একটি বিল পাস হয়েছে। বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। এর আওতায় পড়তে পারে ভারতসহ ১০টি দেশ।
বুধবার প্রতিনিধি পরিষদে বিলটির ওপর ভোটাভুটি হয়। ৪৩৫ সদস্যের মধ্যে ৪২১ জন ভোট দেন। তাদের মধ্যে ২৬২ জন বিলটির পক্ষে এবং ১৫৯ জন বিপক্ষে ভোট দেন।
বিলে ভারতের পাশাপাশি চীন, হাঙ্গেরি, আজারবাইজান, তুরস্ক, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাম রয়েছে।
এর আগে মার্কিন সিনেটেও বিলটি অনুমোদিত হয়েছিল। প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর এখন এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য হোয়াইট হাউসে যাবে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।
বিলটির লক্ষ্য মূলত রাশিয়ার জ্বালানি তেল কেনা দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ভারতসহ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে।
মার্কিন আইনপ্রণেতাদের যুক্তি, রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কেনার মাধ্যমে এসব দেশ পরোক্ষভাবে রাশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করছে এবং এর ফলে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে উচ্চহারে শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে বিলে।
বিলটির অন্যতম প্রধান প্রস্তাবক ছিলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। সিনেটে বিলটি গত ৭ আগস্ট পাস হয়। পরে ১১ আগস্ট ওয়াশিংটনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গ্রাহামের মৃত্যু হয়।






