আর্মি মেডিকেল ও ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ সেনাবাহিনী প্রধানের।
নিজস্ব প্রতিবেদক: আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএমসিসিঅ্যান্ডএস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি দুই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি দেশের সামরিক চিকিৎসাসেবায় দুই কোরের বিভিন্ন কার্যক্রম ও অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি।
জেনারেল ওয়াকার-উজ-জামান সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর; ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংশ্লিষ্ট কোরসমূহের অধিনায়ক ও কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা সম্মেলনে অংশ নেন।






